বিদায় লন্ডন অলিম্পিক
সফি দেলোয়ার কাজল   
সোমবার, ১৩ আগস্ট ২০১২

 


পরবর্তী আসর ২০১৪ সালে ব্রাজিলে

বিশ্বের বৃহৎ ক্রীড়ানুষ্ঠান লন্ডন অলিম্পিক গেমস বিদায় নিলেও চারবছর পর আবার বসবে মিলনমেলা ব্রাজিলে। ‘আ সিম্ফোনি অব ব্রিটিশ মিউজিক’ লন্ডন অলিম্পিকের সমাপণী অনুষ্ঠানের এ নামকরণ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে নানা চমক দেখাল আয়োজকরা। ১৬ দিনব্যাপী মহাক্রীড়াযজ্ঞের অবসান ঘটল গতকাল রাতে বিউগলে করুণ সুরে।

 থেমে গেল অলিম্পিক ভিলেজের হƒৎস্পন্দন। নিভে যায় অনির্বাণ অলিম্পিক চেতনার প্রতীক মশালও। ২৭ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে ওই মশাল জ্বালানো হয়েছিল ঠিক মাঠের মাঝখানে। প্রযুক্তির জাদুমন্ত্রের মতো সেটি সরে আসে অলিম্পিক  স্টেডিয়ামের এক পাশে।

সমাপণী অনুষ্ঠানে ষোলো দিনের প্রতিযোগিতায় খেলোয়াড়দের অর্জনকে উদযাপন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আওসি) সভাপতি জ্যাক রগ অনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার আগে অলিম্পিক পতাকা তুলে দেয়া হয় পরবর্তী আসরের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরোর মেয়রের হাতে। সেখানেই স্বাগত জানানো হয় ২০১৬ অলিম্পিক গেমস আয়োজক ব্রাজিলকে। আর্টিস্টিক ডিরেক্টর কিম গ্যাভিনের নির্দেশনায় যুক্তরাজ্য তথা লন্ডনের সংস্কৃতিকে তুলে ধরা হয় জমকালো সমাপণীতে। অলিম্পিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের নামকরণ হয়েছে ‘আ সিম্ফোনি অব ব্রিটিশ মিউজিক’, যেখানে গাওয়া হয় ব্রিটিশ শিল্প-সংস্কৃতি আর সঙ্গীতের জয়গান। সবচেয়ে আলোচিত, ব্রিটেনের বিখ্যাত সেই ট্যাক্সির ওপর দাঁড়িয়ে গান গেয়েছেন স্পাইস গার্লরা।

এছাড়া অনুষ্ঠানে জর্জ মাইকেলসহ যুক্তরাজ্যের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের তারকারা সঙ্গীত পরিবেশন করেন। তাদেরকে নিয়েই গত ৫০ বছর ধরে যুক্তরাজ্যের সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী মাধ্যমটিকে বিশ্বের সামনে নতুন করে তুলে ধরেন কিম গ্যাভিন। সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সাড়ে তিন হাজার পারফরমার। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও মার্চ পাস্টে অংশ নেন খেলোয়াড়রা। এবার কেউ কোনো দেশের প্রতিনিধি নন, সবাই আসেন এক সঙ্গে এক জাতির অংশ হিসেবে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক থেকে এই রীতি চলে আসছে।