| আশা-আশংকার দোলাচলে ১০ লাখ তরুণ |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১২ | |
|
ছবিঃ ম্যারীল্যান্ডে আবেদনপত্র জমা দেবার প্রথম দিনে গতকাল ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত আনডকুমেন্টেড তরুণদের বৈধভাবে এদেশে বসবাসের সুযোগের আবেদনপত্র। প্রথম দিনই হাজার হাজার তরুন অবৈধ ইমিগ্রেন্ট লম্বা লাইন দিয়ে এই আবেদন করেছেন। ওবামা প্রশাসনের নির্বাহী আদেশে ড্রিম অ্যাক্টের বিধানের আলোকে এই কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ১০ লাখ তরুণ এ প্রক্রিয়ায় প্রথমিকভাবে ২ বছরের জন্য এদেশে বৈধভাবে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন। ওবামা প্রশাসনের নির্বাহী আদেশ অনুযায়ী যেসব তরুণ পিতামাতার সাথে অথবা অন্য কোনোভাবে তাদের ১৫ বছর বয়সের আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, এ দেশের কোনো স্কুল অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন বা জিইডি করেছেন এবং যাদের বর্তমানে বয়স ১৬ থেকে ৩১ বছর বা ৩১ বছরের কম তারা এই বৈধতার আবেদন করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে ওবামা ঘোষিত আদেশের সবগুলো শর্ত পুরুণ করা সাপেক্ষে এই আবেদনকারীদের ২ বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ দেওয়া হবে। তাদের ডিপোর্টেশন প্রক্রিয়াও বন্ধ রাখা হবে। যোগ্য আবেদনকারী বৈধ ওয়ার্ক পারমিটের জন্যও আবেদন করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে তাদের আবেদন পত্রের সাথে ৪৬৫ ডলারের ফি জমা দিতে হবে। আবেদনকারীর আবেদন পত্র জমা নেওয়ার পর তার ক্রিমিনাল রেকর্ড ও সিকিউরিটি চেকআপ করা হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা ও বৈধ ওয়ার্ক পারমিট পেতে হলে কোনো আবেদনকারীকে প্রধানত ৪টি শর্ত পূরণ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে এক. আবেদনকারী ১৬ বছর বা তার কম বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং বয়স ২০১২ সালের ১৫ জুনে ১৫ বছর থেকে ৩১ বছর বা ৩১ বছরের কম কি না; দুই. এ দেশের কোনো স্কুল অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন বা জিইডি করেছেন অথবা সফলভাবে মিলিটারী সার্ভিস থেকে অবসর নিয়েছেন কি না; তিন. আবেদনকারী ২০১২ সালের ১৫ জুনের আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে ৫ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কি না; চার. আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের রেকর্ড অথবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ কি না। যেসব আনডকুমেন্টেড তরুণ এই চারটি শর্ত পূরণ করবেন তাদেরকে প্রাথমিক অবস্থায় ২ বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি দেওয়া হবে। এর সাথে কেউ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে তাকে ওয়ার্ক পারমিটও প্রদান করা হবে। এই প্রোগ্রামে আবেদন নিয়ে তরুন অবৈধ ইমিগ্রেন্টদের মাঝে এখনো কিছুটা সংশয় আছে। । এর প্রধান কারণ হলো প্রগ্রামে কোনো আবেদনকারীর আবেদনপত্র প্রত্যাখাত হলে এর জন্য আপীল করার কোনো সুযোগ রাখা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১ কোটি আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট বসবাস করছেন। এদের মধ্যে ৮ লাখ থেকে ১০ লাখ তরুণ এই প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন। অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রাথমিকভাবে ১৬ থেকে ৩১ বছর বয়সী তরুণরা এই আবেদনের সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে এই প্রোগ্রাম আরো বর্ধিত করার সম্ভাবনা রয়েছে যার ফলে ৫ থেকে ১৪ বছর বয়সের আনডকুমেন্টেড শিশু-কিশোররাও এই বৈধতার সুযোগ পাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নাগরিক শিশুদের পিতামাতাকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিয়ে একটি বিল এখন বিবেচনাধীন রয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের অধিকাংশই বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|