|
যুক্তরাষ্ট্রে মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা |
|
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
বুধবার, ০৮ আগস্ট ২০১২ |
|
 যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের জপলিন শহরে একটি মসজিদ পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। জেসপার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৩টায় এ আগুনের ঘটনা ঘটে। কে বা কারা কী উদ্দেশ্যে ওই মসজিদ পুড়িয়ে দিয়েছে সেটি জানা যায়নি।
গত রোববার সকালে উইসকনসিনে একটি শিখ উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হওয়ার পরই একই দিন দেশটিতে মসজিদ পোড়ানোর মতো ঘটনা ঘটল। জেসপার কাউন্টি শেরিফের এক মুখপাত্র জানান, মসজিদটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মসজিদ পোড়ানোর ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ইতিমধ্যে বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে পুড়ে যাওয়া স্থান খনন করে দেখছে তদন্ত কমিটি। এর আগে গত ৪ জুলাই একই মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে সে সময় দুর্বৃত্তদের কাউকেই গ্রেফতার করা যায়নি। পরে এফবিআই এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য ১৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে। উল্লেখ্য যে ২০০৭ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর এতে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এর আগে এখানে একটি গির্জা ছিল। মিসৌরি ইসলামিক সোসাইটির ধর্মীয় নেতা ইমাম লাহমুদ্দিন বলেন, 'আগুনের ঘটনায় আমি মর্মাহত।' |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|