| ‘জুরি পুরস্কার’ পেলেন বাংলাদেশি ব্লগার আবু সুফিয়ান |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বৃহস্পতিবার, ০৩ মে ২০১২ | |
|
জার্মানির বেতারকেন্দ্র ডয়েচে ভেলে আয়োজিত অষ্টম আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা বেস্ট অব ব্লগসে (দ্য ববস) বিচারকদের রায়ে এ বছরের সেরা ব্লগ হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি ব্লগার আরাস সিগারচির ‘উইনডো অব অ্যাংগুইশ’ (বেদনার জানালা)। প্রতিযোগিতায় ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ব্লগার আবু সুফিয়ান। এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে ১১টি ভাষায় সেরা ব্লগও নির্বাচন করা হয়েছে। বাংলা ভাষায় সেরা ব্লগ নির্বাচিত হয়েছে সুড়ঙ্গ—নিয়াজের ভুবন (niazmowla.wordpress.com) ব্লগ। গতকাল বুধবার সন্ধ্যায় ডয়েচে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর রায়ে ছয়টি বিভাগে ‘জুরি পুরস্কার’ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবু সুফিয়ানের ব্লগ ঠিকানা http://blog.bdnews24.com/author/abusufianIR। কয়েক বছর ধরে বাংলা ব্লগে সক্রিয় তিনি। একাধিক বাংলা ব্লগে লিখেছেন আবু সুফিয়ান। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করেন ব্লগে। সুফিয়ানের মতে, ব্লগে কোনো বাধা নেই। মানুষের ‘তথ্য জানার অধিকার’কে নিশ্চিত করতে কাজ করে চলেছেন সুফিয়ান। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|