| লাদেনের অডিওবার্তা: আরবদের জেগে ওঠার আহবান |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| শুক্রবার, ২০ মে ২০১১ | |
|
আল-কায়েদার পক্ষ থেকে ওসামা বিন লাদেনের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হওয়ার সপ্তাহখানেক আগে বার্তাটি ধারণ করা হয়।
আল-কায়েদার শীর্ষ নেতা আরব বিশ্বের সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে স্বাগত জানিয়ে স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বার্তায় বিন লাদেন তিউনিসিয়া ও মিসরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলমানদের পুনর্জাগরণের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। বার্তায় সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে গণবিক্ষোভ সম্পর্কে কোনো কথা নেই। প্রায় ১২ মিনিটের অডিওবার্তাটির সঙ্গে একটি ভিডিও সংযোজন করে কয়েকটি জিহাদি ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে গত ১ মে রাতে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হন। অডিওবার্তায় তিনি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের পরিস্থিতি উল্লেখ করেন। মরক্কো, পশ্চিম সাহারা, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মৌরিতানিয়ার অবস্থান ওই অঞ্চলে। ওসামা বলেন, 'মাগরেব থেকে বিপ্লবের সূর্য উদিত হয়েছে। আলোকশিখা আসছে তিউনিসিয়া থেকে। এটা স্বস্তি এনে দিয়েছে জাতীয় জীবনে, মানুষের মুখে ছড়িয়ে পড়ছে খুশির আভা। তিউনিসিয়ায় এসেছে বিপ্লবের প্রথম সাফল্য, এর পরপরই অগি্নশিখা ছড়িয়ে পড়ে মিসরের তাহরির স্কয়ারে।' গণবিক্ষোভের মুখে গত জানুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জাইন এল আবিদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন। এর কিছুদিন পরই মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বিন লাদেন আরব জনগণের উদ্দেশে বলেন, 'আমি মনে করি, আল্লাহর ইচ্ছায় পুরো ইসলামী বিশ্বে পরিবর্তনের হাওয়া বয়ে যাবে। তোমাদের সামনে একটি সন্ধিক্ষণ উপস্থিত। মুসলিম উম্মাহর জেগে ওঠার দুর্লভ ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। শাসকের শৃঙ্খল, মানব সৃষ্ট আইন এবং পশ্চিমা আধিপত্যের নিগড় থেকে মুক্ত হওয়ার এখনই সময়।' ওসামা বিন লাদেন সময় নষ্ট না করে নিজেদের এবং সন্তানদের মুক্তির লক্ষ্যে স্বৈরশাসকদের উৎখাতের আন্দোলন নামতে আরব জনগণের প্রতি আহ্বান জানান। সূত্র : বিবিসি |
|
| সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ ) |
| < পূর্বে | পরে > |
|---|