|
যুক্তরাষ্ট্রে তুষারপাত জনজীবন বিপর্যস্ত |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ |
 ৯০ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবল তুষারপাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ নয়টি অঙ্গরাজ্যের ৬০টি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার ১০ লাখ বাসিন্দার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন এবং শতাধিক গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
নৌ, স্থল ও বিমানপথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় দু'জনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি, রয়টার্স, বিবিসি, এনা ও আল-জাজিরা অনলাইনের। পূর্ব ইন্ডিয়ানা থেকে পেনসিলভানিয়া এবং ম্যারিল্যান্ডের মধ্য দিয়ে উত্তর কেরোলিনা পর্যন্ত এক হাজার কিলোমিটারেরও বেশি এলাকায় প্রচুর তুষারপাতে লাখ লাখ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, গতকাল রোববার কনকনে শীতল তাপমাত্রার কারণে গুঁড়ি গুঁড়ি তুষার খুব দ্রুত বরফে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, উত্তরাঞ্চলীয় ম্যারিল্যান্ডের কিছু অংশে ৯৬ সেন্টিমিটার পুরো বরফ পড়েছে। ম্যারিল্যান্ড ও প্রতিবেশী ভার্জিনিয়ায় প্রবল তুষারপাতে গাছপালা ঢেকে গেছে এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সেখানকার ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ম্যারিল্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ইডি ম্যাগডোনাফ বলেন, 'রাস্তাঘাটে যান চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়েছে এবং আমরা বিদ্যুতের লাইন মেরামতের চেষ্টা করছি।' তিনি আরও বলেন, 'আমরা স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়িতে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে বলেছি এবং কাজের জন্য হাইওয়েতে না যাওয়ার অনুরোধ করেছি।'বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পেপকোর কর্মকর্তারা জানান, তাদের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বরফের কারণে তা পারা যাচ্ছে না। সবকিছু ঠিকঠাক হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে তারা জানান। ওয়াশিংটন শহরতলিতে ৩২ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তরণ পড়েছে। কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের বরফ পড়ার নজির নেই। ওয়াশিংটন ও আশপাশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, ৯০ বছরের মধ্যে ওয়াশিংটনে এবারই সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র এবং ভার্জিনিয়া, দেলওয়ার ও ম্যারিল্যান্ডের গভর্নর এসব অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি স্থানীয় টেলিভিশনকে বলেছেন, এত তুষারপাত ঘটেছে যে, আমাদের অনেকেই এ রকম তুষারপাত সারাজীবনে দেখেননি। শত শত ট্রাক রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমে পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ ওয়াশিংটন-বাল্টিমোর অঞ্চলের জন্য তুষারপাতের বিষয়ে ২৪ ঘণ্টার সতর্কতা জারি করে। কর্মকর্তারা জানান, ওয়াশিংটন-বাল্টিমোর এলাকায় প্রধান তিনটি বিমানবন্দর এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে ডালাস বিমানবন্দরে জেট বিমান রাখার একটি হ্যাঙ্গারের ছাউনির বেশ কিছু অংশ বরফের ভারে ভেঙে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা কোনো বিমানের ক্ষতি হয়নি। ওয়াশিংটনের বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে । নিউইয়র্ক এবং ওয়াশিংটনের মধ্যকার বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে । তবে ভূগর্ভস্থ মেট্রো সার্ভিস চালু ছিল। ঘন কুয়াশার কারণে শত শত গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ভার্জিনিয়ায় গাড়ি দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। সেখানে এ সম্পর্কিত সড়ক দুর্ঘটনায় তিনজন সৈন্য আহত হয়েছে। |
|
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০১০ )
|