News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

০৮ সেপ্টেম্বর ২০১০, বুধবার      
মূলপাতা arrow খবর arrow দেশ arrow বাংলাদেশ থেকে বছরে ২০ হাজার শিক্ষার্থী নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে বছরে ২০ হাজার শিক্ষার্থী নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০
সফররত যুক্তরাষ্ট্রের পাবলিক অ্যাফেয়ার্স ও পাবলিক ডিপ্লোম্যাসির আন্ডার সেক্রেটারি জুডিথ এ. ম্যাকহেল বলেছেন, বাংলাদেশ থেকে বছরে ২০ হাজার শিক্ষার্থী নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রায় ২ হাজার ৭শ বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। দুইদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এখন থেকে অধিক বাংলাদেশীকে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ করে দেয়া হবে। গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে "শিক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সেতুবন্ধন" শীর্ষক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুডিথ এ. ম্যাকহেল বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার অনেক সুযোগ রয়েছে। কিন্তু সঠিক তথ্যের অভাবে সেটি অনেকেই কাজে লাগাতে পারছে না। তথ্যের সহজপ্রাপ্তির জন্য আমেরিকান দূতাবাস ও আমেরিকান সেন্টার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। হাজার হাজার বাংলাদেশী বর্তমানে সেখানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে উভয় দেশের উন্নয়ন করতে আগ্রহী। গত কয়েক বছর বাংলাদেশ দারিদ্র্যতা বিমোচন ও স্বাস্থ্যসেবায় যথেষ্ট উন্নতি করেছে। শিক্ষার মান বাড়ানো গেলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এছাড়া জিআরই, জিম্যাট ও টোফেলসহ বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া পর্যন্ত যত ধরনের কার্যক্রম আছে তা আরো সহজ করা হবে বলে জানান তিনি।

জুডিথ এ. ম্যাকহেল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোন স্থানের কথা আমি চিন্তা করতে পারি না। আজ থেকে ৩৮ বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এ বিশ্ববিদ্যালয়ে এসে একটি গাছের চারা রোপণ করেছিলেন। সেই থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক নানা সমঝোতা চুক্তি করে আসছে।

তিনি আরো বলেন, গত কয়েক দশকে হাজার হাজার বাংলাদেশী আমেরিকার আতিথেয়তা প্রত্যক্ষ করেছেন। শেখ মুজিবুর রহমান আমাদের "আন্তর্জাতিক দর্শনার্থী" কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্র থেকে অসংখ্য বাংলাদেশী যুক্তরাষ্ট্রে তাদের লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ঢাকাস্থ আমেকিান সেন্টারের পরিচালক লরেন লাভলেছ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান, সায়েন্স এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ডিন অধ্যাপক শাহনাজ হক হুসেন প্রমুখ। পরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির লাগানো বট গাছ পরিদর্শন করেন আন্ডার সেক্রেটারি জুডিথ এ. ম্যাকহেল। সূত্র: দৈনিক ইত্তেফাক

সর্বশেষ আপডেট ( রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ )
 
< পূর্বে   পরে >
Free Joomla Templates